জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (জয়পুরহাট-বগুড়া) সুরাইয়া জেরিন রনি বলেছেন, আমি জয়পুরহাট ও বগুড়া—উভয় জেলাকেই নিজের বাড়ি মনে করি এবং সমান গুরুত্ব দিই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্যে এমপি রনি সাংবাদিকদের জাতির দর্পণ ও বিবেক হিসেবে অভিহিত করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের উন্নয়নের অংশীদার হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/এমএল