শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনায় ফুসে উঠেছে সারা দেশের মানুষ। এরই প্রতিবাদে হবিগঞ্জে নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে শহরের এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘প্রাকৃতজন’ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
প্রাকৃতজনের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, জেলা বাপার সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত চার মাসে সারাদেশে ১২০টিরও বেশি শিশু ধর্ষণের শিকার ও ৭ জন শিশু নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এটি কোনো সভ্য সমাজের পরিচয় বহন করে না। নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়ন এবং হত্যা বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এটাকে সামাজিক ক্ষত হিসেবে দেখতে হবে। এ দেশ থেকে এসিড সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে সেভাবে নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন ও হত্যার মতো অপরাধকে বন্ধ করা যেতে পারে।
নাগরিকবন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমএল