কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন ছাত্রদল সভাপতির বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। স্বজনদের অভিযোগ, ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। একপর্যায়ে ঘরের দরজা খুলতে গিয়ে বাইরে থেকে ছিটকানি লাগানো অবস্থায় পান তারা। ভয়ে চিৎকার চেঁচামিচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
মঞ্জুয়ারা খাতুন নামে এক প্রতিবেশী জানান, গুলির মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম গরু ডাকাতি করতে আইছে। পরে সবাই এসে দেখি দরজায় ছিটকানি লাগানো। টিনের বেড়ায় কোপের দাগ। তবে কাউকে দেখা যায়নি।
ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাস বলেন, ফজরের আজানের কয়েক মিনিট আগে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তারপর ঘরের বাইরে থেকে বেশ কয়েকজনকে কথা বলতে শোনা যায়। মাত্র দুই মিনিটের মধ্যে ঘরে হামলা করে তারা চলে যায়।হামলাকারীরা দুই রাউন্ড গুলি ছুঁড়েছে বলে দাবি করেন তিনি।
প্রান্ত বিশ্বাসের অভিযোগ, স্থানীয় নারী ইউপি সদস্য মরিয়ম খাতুনের স্বামী নিজাম উদ্দিনের সঙ্গে এক লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। তারা কয়েকবার প্রকাশ্যে হুমকিও দিছে। এ নিয়ে থানায় জিডি ও লিখিত অভিযোগ করা আছে। ইউপি সদস্যের স্বামী ও তার লোকজন হামলার সঙ্গে জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়নের সংরক্ষিত সদস্য মরিয়ম বলেন, ডাকুয়া নদীতে ইজারা নিয়ে মাছ চাষের ব্যবসা রয়েছে। ৫ আগস্টের পর প্রান্ত নদীর ভাগ চেয়েছিল। কিন্তু ভাগ না দেওয়ায় এক লাখ টাকা পাওনা দাবি করছে। যদি প্রমাণ থাকে তাহলে টাকা ফেরত দিব। তবে হামলায় আমরা জড়িত নই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরকে