ফরিদপুরের ভাঙ্গায় খুদে শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় ভাঙ্গা উপজেলা শহরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিক্যাডেট এসোসিয়েশন এ খেলার আয়োজন করে। খেলায় ভাঙ্গা উপজেলার ১৬ টিমে ১৬টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মঙ্গলবার সকালে খেলার উদ্বোধন ঘোষণা করেন ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফিউদ্দিন মোল্লা। খেলায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন ও প্রিক্যাডেট এসোসিয়েশনের সভাপতি কুমারেশ চন্দ্র ভৌমিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমি, লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুল, মেধাসিঁড়ি স্মার্ট ক্প্রিক্যাডেট স্কুল, শরিফাবাদ ডিজিটাল একাডেমি, বালিয়াচরা প্রিক্যাডেট স্কুল, কররা প্রি ক্যাডেট স্কুল, ব্রাইট স্টার আইডিয়াল স্কুল, মেধাসিঁড়ি প্রি ক্যাডেট স্কুল, সানলাইট কিন্ডারগার্টেন স্কুল, নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল, মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুল, ডেফোডিল প্রিক্যাডেট স্কুল, উদীয়মান শিশু নিকেতন,সানরাইজ প্রিক্যাডেট স্কুল, আদর্শ লিপি প্রিক্যাডেট স্কুল, ডাক্তার কাজী আবু ইউসুফ একাডেমি। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শরীফাবাদ ডিজিটাল একাডেমিক শিক্ষক রতন মোড়ল।
ভাঙ্গার নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি কুমারেশ চন্দ্র ভৌমিক বলেন, এবারই প্রথম ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এসোসিয়েশন ফুটবল খেলার আয়োজন করেছে। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা ভাঙ্গায় প্রতিটি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বিদ্যালয়ে খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছি। এতে করে কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ হবে।
বিডি-প্রতিদিন/এমএল