গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে পুকুরে গোসলে নেমে তর্কের জেরে রাহাত (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন।
এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে বুধবার (১৭ জুন) সকালে বিক্ষুব্ধ পরিবার-স্বজনরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব (১৫) একই এলাকার জবান আলীর ও রিফাত (১৫) সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব, রিফাত ও রাহাত। গোসলের সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাইতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন।
এরই জেরে পরদিন বুধবার সকাল ৮টার দিকে নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হন তারা। এসময় ভাঙচুরকারীরা প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে ভাঙচুর করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/এমএল