২০২৪ সালের ফ্যাসিস্টবিরোধী গণ-অভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় নওশাদ জমির বলেন, গণতন্ত্র উদ্ধার এবং মানবিক বিপর্যয় থেকে দেশকে রক্ষার জন্য জুলাই শহীদদের অবদান এই জাতি কখনো ভুলে যাবে না। দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে আপনাদের পরিবারগুলোর জন্য সুপরিকল্পিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়ন হবে। আপনাদের পাশে দেশের জনগণ আছে।
এ সময় এসব পরিবারের দুঃখ-কষ্টের কথা তাকে ব্যক্তিগতভাবে জানানোর অনুরোধ জানান।
ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে, প্রতীক বরাদ্দের মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা আশা করি আনন্দপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সর্বাত্নক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ে জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে।
বিডি প্রতিদিন/কেএ