ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে বিজয়টি বিএনপির চেয়ারম্যন তারেক রহমানকে উপহার দিতে চান কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা শাখার সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, প্রথমে আমাকে ‘ধানের শীষ’ প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু রাতের আঁধারে একজনকে দলে যোগদান করিয়ে সেই প্রতীক আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। জনগণের দাবির মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, আমি হাঁস প্রতীক পেয়েছি। হাঁস দিয়েই ধান খাইয়ে এই আসনে জয়ী হবো। এই আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।
শেখ মুজিবুর রহমান ইকবাল দাবি করেন, প্রায় ২৫ বছর ধরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয়। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের ফল অন্য কেউ কেড়ে নিতে পারে না। দলের তৃণমূল থেকে শুরু করে অধিকাংশ নেতাকর্মী তার পাশেই রয়েছেন।
তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। জনগণই তার শক্তি, জনগণের রায়েই তিনি বিজয়ী হবেন।
কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়াও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদাসহ মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এমআই