ঢাকা–৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, ভোটে জয়ী হলে তিনি এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহির মধ্যে থাকবেন। এলাকাবাসী যখন চাইবেন তখন তাকে প্রশ্ন করতে পারবেন, শাসন করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন।
তিনি বলেন, জনগণের দেওয়া ভোট আমার কাছে একটি আমানত, এই আমানতের কোনো খেয়ানত আমি করব না।
সোমবার রাজধানীর কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদবাগ বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
রবিন বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সংকটে ভুগছে। চাকরি না পেয়ে এলাকার মেধাবী তরুণদের দূর-দূরান্তে যেতে হচ্ছে। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ কেউ মাদকাসক্ত হচ্ছে এবং কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, এলাকায় শিশু-কিশোরদের জন্য পাঠাগার নেই, খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, পরিবার নিয়ে সময় কাটানোর মতো কোনো মনোরম পরিবেশও নেই। বুড়িগঙ্গা নদীর তীর কিংবা এলাকার খাল-বিলগুলো মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। অপরিকল্পিত উন্নয়নের কারণে এলাকাবাসী এসব সুযোগ থেকে বঞ্চিত।
বিডি প্রতিদিন/জুনাইদ