চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি প্রতীক) সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনি অফিসে গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার আনুমানিক রাত ৩টার দিকে আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের মধ্যম খাসখামা (১নং ওয়ার্ড) এলাকায় অবস্থিত নির্বাচনি অফিসে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় খাসখামা (১নং ওয়ার্ড) কেন্দ্র কমিটির সচিব কাজী মোহাম্মদ আলী আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক সপ্তাহ আগে এলাকায় নির্বাচনি অফিস স্থাপন করা হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম চলাকালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
অভিযোগকারী দ্রুত ঘটনার তদন্ত করে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান। ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চট্টগ্রাম-১৩ নির্বাচনি এলাকায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
বিডি প্রতিদিন/হিমেল