সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ভোটের দিন পর্যন্ত আন্দোলন ও লড়াই চালিয়ে যেতে হবে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করেই ঘরে ফিরতে হবে।
রবিবার সন্ধ্যায় বিশ্বনাথের কালিগঞ্জ বাজারে বিশ্বনাথ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা বলেন, 'দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের অধীনে ছিলাম আমরা। রাজনীতি করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ক্ষমতা ধরে রাখতে ফ্যাসিস্ট সরকার এম. ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। শুধু ইলিয়াস আলী নন, দেশের প্রায় এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। অনেকেই ক্রসফায়ার ও হত্যার শিকার হয়েছেন।'
তিনি আরও বলেন, '৫ আগস্ট আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র ও ভোটের অধিকার। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনই আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন আমাদের, জনগণের নির্বাচন।'
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই'র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আসকির আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এম. ইলিয়াস আলীর পুত্র লাবিব সারার, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খছরুজামান খছরু, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম হেলাল, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি তৈমুছ আলী, সাবেক যুগ্ম সম্পাদক গোলজার খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা