ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, '১৯৭১ সালে জামায়াতের ভূমিকা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। সে সময় তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালিয়েছিল এবং বহু মা-বোনের সম্মানহানি ঘটিয়েছিল। তাই তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।'
সোমবার (২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন, ঘাগড়া, আকানিয়া ও কোমরকাশা এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে ঘাগড়া এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, '১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে আবারও এমপি নির্বাচিত করলে কচুয়ায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো এবং সকলের বসবাসের উপযোগী একটি সুন্দর কচুয়া গড়ে তুলবো।'
পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি তোফায়েল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি উপাধ্যক্ষ নওশের আলম, উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা কবির হোসেন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ, উপজেলা যুবদল সহ-সাধারণ সম্পাদক হানিফ পাটোয়ারী, ঘাগড়া বিএনপির আহ্বায়ক আহমদ শফাসহ আরও নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/মুসা