আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির গুইমারা সেক্টর। জনসাধারণ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সীমান্তে বিশেষ নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি।
মঙ্গলবার দুপুরে গুইমারা সেক্টর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।
এ সময় সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাম্মদ সিহানুকসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি