নাটোরের সিংড়া উপজেলায় ধানের শীষের প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের চাঁদপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনার জের ধরে মঙ্গলবার এ হামলা হয়।
মারধরে আহত দু’জন হলেন ধানের শীষের কর্মী সবুজ ফকির (৩৩) ও বিএনপি কর্মী রুহুল আমিন (৪৫)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, সবুজ ফকিরের অবস্থা গুরুতর।
আহত সবুজ ফকির জানান, বহিস্কৃত বিএনপি নেতা তাইজুল কমিশনারের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের (ঘোড়া প্রতীক) কর্মী নিশান, পাপ্পু ও সোহেলসহ কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি ও বাদাম দিয়ে মারধর করেন। মাথায় হেলমেট থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত বহিস্কৃত নেতা তাইজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।
স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, এটি পূর্বের বিরোধের জেরে ঘটে থাকতে পারে। তবে হামলার ঘটনা অন্যায়। তিনি দাবি করেন, তার কর্মী ও সমর্থকদেরও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ধানের শীষের পক্ষে গণসমর্থন ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মীরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের সহিংসতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন