গ্রীষ্মের কড়া রোদ কিংবা মেঘলা দিনের গুমোট গরম- ত্বকচর্চায় ‘সানস্ক্রিন’ এখন আর কোনো বিলাসিতা নয়। কিন্তু চিরাচরিত সেই চটচটে, সাদাটে ভাব এনে দেওয়া সানস্ক্রিন কি আপনার ত্বকের জন্য কার্যকর? জেনে রাখুন- রোদের সুরক্ষার দুনিয়ায় এসে গেছে একঝাঁক স্মার্ট ও জাদুকরী বিকল্প।
অ্যান্টি-অক্সিডেন্টের ‘পাওয়ার হাউস’
আজকালের সানস্ক্রিন শুধু রোদই আটকায় না, ত্বকের বয়সকেও থমকে দেয়। নতুন ফর্মুলার সানস্ক্রিনের আছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট।
♦ ভিটামিন সি এবং ই : সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকের কোষকে বাঁচায় এবং দাবদাহে ক্ষতিগ্রস্ত ত্বককে সারিয়ে তোলে।
♦ পাহাড়ি ফুলের জাদু (এডেলউইস ও রোজমেরি এক্সট্র্যাক্ট) : এগুলো ত্বকে ফ্রি র্যাডিকেলের উপদ্রব কমায় এবং অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
♦ গ্রিন টি-অ্যাভোকাডো : কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে রাখে টানটান ও সতেজ।
আর হ্যাঁ, এই সানস্ক্রিনগুলো মাখার আগে মুখে ৫-৬ ফোঁটা অ্যান্টি-অক্সিডেন্ট সিরাম মেখে পুরোপুরি শুষে নিতে দিন।
গ্লিটারি গার্ড : পার্টি মুড যখন পুলে
সানস্ক্রিন মাখলে মুখ ফ্যাকাশে দেখায়? এ ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে বাজারে এসেছে ‘গ্লিটারি সানস্ক্রিন’। ক্রিমি গোল্ড, শিমারি পিঙ্ক কিংবা রেইনবো গ্লিটার যুক্ত এ সানস্ক্রিনগুলো মাখলেই আপনি রেডি পুল-সাইড পার্টির জন্য! এতে থাকে এসপিএফ ৫০ বা তার বেশি। পাশাপাশি প্যারাবেনমুক্ত এ সানস্ক্রিনগুলো প্রায় এক ঘণ্টা পর্যন্ত পানিরোধী হয়ে থাকে।
♦ সতর্কতা : যাদের ত্বক অতিরিক্ত স্পর্শকাতর, তাদের গ্লিটারি সানস্ক্রিন এড়িয়ে চলাই ভালো।
সানস্ক্রিন এবার ক্যাপসুলে?
ত্বকে ক্রিম মাখার ঝঞ্ঝাট এড়াতে বিজ্ঞানীরা নিয়ে এসেছেন ওরাল সাপ্লিমেন্ট বা সানস্ক্রিন পিল! নিকোটিনামাইড (ভিটামিন বি-৩) যুক্ত এ ক্যাপসুলগুলো পুরো শরীরকে ইউভিএ (UVA) ও ইউভিবি (UVB) রশ্মি থেকে বাঁচায় বলে দাবি উৎপাদকদের। তবে সাবধান! আমেরিকার এফডিএ (ঋউঅ) একে ভুয়ো সুরক্ষা বলে সতর্ক করেছে। তাদের মতে, পিল ত্বকের সানবার্ন পুরোপুরি রুখতে পারে না। তাই ক্রিম মাখা বাদ দেওয়া যাবে না।
পোশাকেই যখন ঢাল
ক্রিম মাখার ঝামেলা পোহাতে না চাইলে বেছে নিতে পারেন ‘সান সেফ’ পোশাক। এসপিএফের মতো কাপড়ে ব্যবহৃত হচ্ছে ইউপিএফ (Ultraviolet Protection Factor)। ১৫ থেকে ৫০ ইউপিএফ যুক্ত এই বিশেষ পোশাকগুলোতে এমন কেমিক্যাল বা বুনন থাকে, যা সূর্যরশ্মিকে ত্বক পর্যন্ত পৌঁছাতেই দেয় না। সাধারণত অ্যাথলেটা বা প্যাটাগনিয়ার মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো এ সান-প্রোটেকশন পোশাক তৈরি করছে।