ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে বহুতল ভবন। কংক্রিটের স্তূপের নিচে আটকা পড়েন এক মা ও তার মাত্র ১৮ দিন বয়সি নবজাতক। মৃত্যুর সঙ্গে লড়াইয়ের সেই দীর্ঘ সময়জুড়ে সন্তানকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার শক্তি খুঁজে পান তিনি। অবশেষে জটিল উদ্ধার অভিযানে জীবিত বেরিয়ে আসেন দুজনই। ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সি সন্তানসহ বেঁচে ফেরা এক মা বর্ণনা করেছেন তার বেঁচে থাকার অভিজ্ঞতা। এদিকে ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
উদ্ধার হওয়া মা দায়ানা পাতিনো জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার সময় তার ১৮ দিন বয়সি ছেলে হুয়ান দাভিদ তাকে মানসিকভাবে শক্ত রেখেছিল। দায়ানার ভাষায়, যতক্ষণ আমার সন্তান বেঁচে ছিল, ততক্ষণ আমারও বেঁচে থাকার তাগিদ ছিল। সে শ্বাস নিচ্ছে কি না, তা নিশ্চিত হতে আমি বারবার তার নাকের কাছে হাত রাখতাম। মা ও শিশুকে উদ্ধারের ভিডিও ইতোমধ্যে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই নবজাতক হুয়ান দাভিদকে ভেনেজুয়েলার দুর্যোগ-পরবর্তী আশার প্রতীক হিসেবে দেখছেন। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা লা গুয়াইরার একটি বহুতল ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে থালাবাসন ধোয়ার সময় ভূমিকম্পের আঘাতে ধসে পড়ে ভবনটি। প্রথমে হালকা কম্পন মনে হলেও মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। -বিবিসি