শরণার্থীদের যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দিতে নতুন একটি ‘নিরাপদ ও বৈধ’ পথ চালুর ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি জানিয়েছে, নতুন এ ব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়, কমিউনিটি সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্দিষ্ট শরণার্থীদের স্পন্সর করে যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবে। শুক্রবার রাতে ঘোষিত এ পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবেদন গ্রহণ শুরু হবে। এ কর্মসূচির আওতায় প্রথম দফায় শরণার্থীদের যুক্তরাজ্যে পৌঁছানোর কথা ২০২৭ সালে। আগামী বছর থেকে নিয়োগদাতাদের মাধ্যমে শরণার্থীদের জন্য পৃথক কর্মসংস্থানভিত্তিক একটি ভিসা চালুরও পরিকল্পনা রয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার দীর্ঘদিনের কমিউনিটি স্পন্সরশিপ মডেলের আদলে নতুন এ পরিকল্পনা সাজানো হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, নতুন ব্যবস্থা প্রকৃত শরণার্থীদের সুরক্ষা দেবে, সেই সঙ্গে আশ্রয়ব্যবস্থার যেসব ফাঁকফোকরের অপব্যবহার করা হতো, সেগুলোও বন্ধ হবে।
আশ্রয় আইনেও আসছে পরিবর্তন : নতুন স্পন্সরশিপ কর্মসূচির পাশাপাশি আশ্রয় আবেদনে মানবাধিকার আইন এবং আধুনিক দাসত্ববিরোধী আইন কীভাবে প্রয়োগ করা হবে, তাতেও পরিবর্তন আনতে চায় ব্রিটিশ সরকার। -রয়টার্স