পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) চলতি সপ্তাহে ঘোষণা করেছে, তারা জিও নিউজের লাইসেন্স ও সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে। পিইএমআরএ-এর অভিযোগ, চ্যানেলটির মহররমের এক অনুষ্ঠানে দর্শকদের ধর্মীয় অনভূতিতে আঘাত হানতে পারে এমন ‘ধর্মীয় দৃশ্যায়ন’ দেখানো হয়েছিল বলে জানিয়েছে আরব নিউজ। শনিবার এক বিজ্ঞপ্তিতে পিইএমআরএ জানায়, ১০ মহররম জিও নিউজ তাদের বিশেষ সম্প্রচারে ‘সফর-ই-ইশক’ শিরোনামে একটি অনুষ্ঠান সম্প্রচার করে যেখানে ‘ধর্মীয় দৃশ্যায়ন’ দেখানো হয়েছিল। তারা বলেছে, এ ধরনের দৃশ্যায়নের সম্প্রচার একটি ‘গুরুতর নিয়ন্ত্রক উদ্বেগ’ তৈরি করেছে। আর তাতে দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় সম্প্রীতি ক্ষুণ্ন এবং জনশান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা ‘বিঘ্নিত হওয়ার ঝুঁকি’ তৈরি করেছে। ২৭ জুন জারি করা বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ‘জিও নিউজ’-এর জন্য মেসার্স ইনডিপেনডেন্ট মিডিয়া করপোরেশনকে (প্রাইভেট) প্রদত্ত লাইসেন্সটি এ আদেশ জারির সময় থেকে ১৫ দিনের জন্য কার্যকরভাবে স্থগিত করা হল। পিইএমআরএ জানিয়েছে, জিও নিউজের সম্প্রচার স্যাটেলাইট ও সব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ও প্ল্যাটফর্মে ১৫ দিনের জন্য স্থগিত থাকবে।
ডিস্ট্রিবিউশন পরিষেবার লাইসেন্সধারী ও অপারেটরদের এ আদেশ অবিলম্বে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা এ বিষয়টি তাদের অভিযোগ পরিষদ বিভাগের পাঠাচ্ছে, যাতে তারা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে এর শুনানি করে এ বিষয়ে আরও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাসহ উপযুক্ত সুপারিশ প্রধান করে।
জিও নিউজকেও একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করতে এবং শুনানির সময় এর ফলাফল অভিযোগ পরিষদের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাকিস্তানে ধর্মীয় বিষয় একটি সংবেদনশীল ব্যাপার। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রায়ই ধর্মীয় বিষয়বস্তু আছে এমন সম্প্রচারগুলোর ওপর কড়া নজর রাখে। কারণ, ধর্মীয় সংবেদনশীল দৃশ্যায়নে অনেক সময় দেশব্যাপী হাজার হাজার মানুষ ক্ষুব্ধ হতে পারে।
পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি উর্দু সংবাদ চ্যানেলগুলোর মধ্যে ২০ বছরেরও বেশি আগে চালু হওয়া জিও নিউজ অন্যতম।