দখলদার ইসরায়েলের সঙ্গে আলাদাভাবে যুদ্ধবিরতির চুক্তি করেছে লেবাননের সরকার। তবে এ চুক্তির কারণে লেবাননে গৃহযুদ্ধ বাধতে পারে বলে সতর্কতা দিয়েছেন দেশটির আইনপ্রণেতা হাসান ফাদাল্লাহ।
হাসান ফাদাল্লাহ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংশ্লিষ্ট আইনপ্রণেতা। তিনি লেবানন সরকার ও ইসরায়েলের চুক্তির তীব্র নিন্দাও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সপ্তাহে চুক্তিটি হওয়ার পরপরই হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের বিশ্বাস এ যুদ্ধবিরতি চুক্তি কখনো কার্যকরই হবে না। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৪ দফার চুক্তিটি হয়। এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা বলা হয়েছে। যার অর্থ লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণে বাধ্য করার চেষ্টা করবে।-দ্য গার্ডিয়ান
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ অউন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনকলে বলেছেন, চুক্তি কার্যকরে লেবানন তার দায়িত্ব পালন করবে। এরপরই হিজবুল্লাহ সংশ্লিষ্ট আইনপ্রণেতা গৃহযুদ্ধের সতর্কতা দিয়েছেন। এর আগে গত শনিবার হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এক বিবৃতিতে বলেন, লেবানন ও ইসরায়েলি সরকারের মধ্যে হওয়া চুক্তিকে তারা বাতিল ও অকার্যকর হিসেবে গণ্য করবেন। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননেন ভৌগোলিক অখণ্ডতার আত্মসমর্পণ হিসেবেও অভিহিত করেন তিনি।