বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ সততা, সাহস ও নৈতিকতার মানুষ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘সরকারের ভিতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি-কীভাবে এ কাঠামো ঠিক করা যাবে।’
গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সদ্য প্রয়াত অধ্যাপক ডা. আবদুল কুদ্দুসের জন্য আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক ডা. আবদুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মির্জা ফখরুল বলেন, ডা. কুদ্দুসের মৃত্যু স্বাভাবিক নয়; জীবনের নানান কষ্ট, অপমান ও দুঃখের ধাক্কা তাকে দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এমন সৎ ও সাহসী মানুষ আজ সমাজে খুব কমই দেখা যায়।