শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের আবাসনের সমস্যা হলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে সিটের অপ্রতুলতা রয়েছে। আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিলন বলেন, বুয়েটের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। কিন্তু মেধাবী শিক্ষার্থীরাও অনেক সময় বিপথগামী হতে পারে। এখানে একসময় অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, যা কেউ ভুলতে পারছে না। সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আবরার ফাহাদের নামে একটি হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ গ্র্যান্ট’ বৃদ্ধি করা হবে। এ ছাড়া, গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলোর আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।