রাজধানীর গুলশান থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে আটক করে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন নুর মোহাম্মদ। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।