বাংলা সাহিত্য সংস্কৃতির চার গুনী কবি আবুল হাসান, অনুবাদক ও শিক্ষাবিদ মোহাম্মদ হারুন-উর-রশিদ, শিশুসাহিত্যিক ফয়েজ আহমদ এবং কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস স্মরণে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে বাংলা একাডেমি। গতকাল একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ সেমিনার। এতে চার গুণীর সাহিত্যকীর্তি ও চিন্তার উত্তরাধিকারকে নতুন করে অনুধাবনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সমালোচক মৃদুল মাহবুব এবং ফারুক ওয়াসিফ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক খালেদ হোসাইন, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক হাসান আল জায়েদ। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় কানিজ মওলা বলেন, এ ধরনের আয়োজন জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। উদ্বোধনী পর্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, সেমিনার সিরিজটি শেষ পর্যায়ে এসে দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে নতুন আগ্রহ ও গবেষণার ক্ষেত্র তৈরি করেছে। প্রথম পর্বে আলোচনার কেন্দ্রে ছিলেন কবি আবুল হাসান। দ্বিতীয় পর্বে অনুবাদক, গবেষক ও শিক্ষাবিদ মোহাম্মদ হারুন-উর-রশিদকে নিয়ে বক্তারা বাংলা কবিতার ইংরেজি অনুবাদ, সাহিত্য গবেষণা এবং বাংলা একাডেমির প্রশাসনিক নেতৃত্বে তাঁর অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।
তারা বলেন, তাঁর চিন্তা ও গবেষণা বাংলা সাহিত্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তৃতীয় পর্বে শিশুসাহিত্যিক ফয়েজ আহমদের ছড়াসাহিত্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, ফয়েজ আহমদ কেবল শিশুদের আনন্দই দেননি, ছড়াকে সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের শক্তিশালী মাধ্যমেও পরিণত করেছিলেন। নতুন প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর সমাজ গঠনের স্বপ্ন তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে।
দিনের শেষ পর্বে আলোচনার বিষয় ছিলেন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। এ পর্বের সেমিনারে বক্তারা বলেন, তাঁর গল্প ও উপন্যাসে পুরান ঢাকা থেকে গ্রামীণ জনজীবনের সংগ্রাম, ইতিহাস ও স্বপ্ন এমন শিল্পভাষায় রূপ পেয়েছে, যা বাংলা কথাসাহিত্যকে দিয়েছে অনন্য উচ্চতা। মানুষের জীবনবাস্তবতাকে গভীর অন্তর্দৃষ্টিতে ধারণ করার মধ্য দিয়েই ইলিয়াস হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের কালোত্তীর্ণ কথাশিল্পী।