রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩ নেতা-কর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় একজন, মিরপুর থানায় একজন ও বনানী থানায় একজন। গতকাল এসব তথ্য জানান ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, গত শুক্রবার দিনব্যাপী অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে একজন তালিকাবহির্ভুত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জন রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক কারবারে জড়িত ছয়জন এবং দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় একজন রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।