চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল নামের (২৫) শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯ টার দিকে শহরের ইচুলী ঘাট সেলিম এন্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলি এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে বিবাহিত এবং ২ বছরের এক পুত্র সন্তানের জনক।
এলাকাবাসী জানায়, জুয়েল প্রতিদিনের ন্যায় সকালে ডকইয়ার্ডে রঙের কাজ করতে যায়। পানিতে দাঁড়িয়ে রঙের কাজ করার সময় বৈদ্যুতিক ক্যাবলের লিকেজজনিত কারণে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, জুয়েল ওই ডকইয়ার্ডে রঙের কাজ করতেন। ডকইয়ার্ডের মালিকপক্ষের অবহেলার কারণেই তার করুণ মৃত্যু হয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হাসান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে হাসপাতালে আনার পূর্বেই জুয়েল নামের লোকটি মারা যায়।
বিডি প্রতিদিন/এএম