সাভারের আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শাহাদাৎ হোসেন তার বন্ধু পারভেজকে রাতে বাসায় ডেকে আনেন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাৎ ঘরে থাকা ধারালো দা দিয়ে পারভেজকে পেছন থেকে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শাহাদাৎ হোসেনের বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—আলমগীর হোসেন, শাহিদা আক্তার ও শাহিন হোসেন। তারা সবাই একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস