রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে প্রায় ৭ বছর আগে পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে একই সঙ্গে আসামি দেব গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড হওয়া তিন আসামি হলেন- বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামি হলেন- রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মন্ডল।
মৃত্যুদণ্ড হওয়া বাবলু সরদার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আতর আলীর ছেলে।
এদিকে রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
খালাসপ্রাপ্তরা হলেন- কামরুল শেখ, কবির শেখ, সামাদ শেখ, আফতার শেখ, আমজাদ শেখ, মিন্টু মোল্যা, জহুরুল মন্ডল, জাকিরুল শেখ, সবুজ মন্ডল, সাইদুল মোল্যা ও ছাত্তার খা।
মামলার বিচার চলাকালে মতিয়ার এবং আলাল সর্দার (মাঝি) মারা যাওয়ায় তাদের খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/জেডআর