‘শিশু শ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীম খানের সভাপতিত্বে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন জামালপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী, আসমাউল আসিফ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য টিআইবি কর্তৃক একগুচ্ছ সুপারিশের প্রস্তাবনা সম্বলিত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সহ-দলনেতা রত্ন বারই।
এ সময় বক্তারা বলেন, শিশুশ্রম সস্তা হওয়ায় বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা হয়। বিশেষ করে কল-কারখানা, ওয়ার্কশপ, রেষ্টুরেন্ট, ঘর গৃহস্থালির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শিশুদের দিয়ে করানো হয়। এতে করে শিশুরা স্বাস্থ্যঝুকিতে পড়ছে। শিশুশ্রম কেবল একটি আইনি লঙ্ঘন নয়, এটি শিশুর ভবিষ্যৎ ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের অবসান ঘটাতে সরকার, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানববন্ধনে শিশু শ্রমকে লাল কার্ড প্রদর্শন করে শিশুশ্রম বন্ধে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবস্থা নেয়ার আহবান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএম