ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার কারেদা শহরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রের এক সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে এই চুরির ঘটনা ঘটায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কারেদা শহরের বাস স্ট্যান্ড এলাকার একটি মোবাইল দোকানে একদল চোর হানা দেয়। দোকান থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি দামী স্মার্টফোন চুরি করে নিয়ে যায় তারা। চুরি হওয়া মোবাইলগুলোর বাজার মূল্য আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা।
মঙ্গলবার সকালে দোকান মালিক লক্ষ্মণ সেন যখন দোকান খুলতে আসেন, তখন চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি দেখেন, দোকানের সমস্ত জিনিসপত্র মেঝেতে ছিটকে পড়ে আছে। দামী মোবাইলের বাক্সগুলো খালি অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূরণমল মীনা পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তদন্তের স্বার্থে দোকানের ভেতরের ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজ দেখে খোদ পুলিশ কর্মকর্তারাও তাজ্জব বনে যান। সেখানে দেখা যায়, চোরদের একজন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে দোকানে ঢুকে অবাধে লুটপাট চালাচ্ছে।
স্থানীয় পুলিশ বলছে, এই একই চোর চক্র ওই রাতেই বীজ গোদাম চৌরাহা এলাকার আরেকটি মোবাইলের দোকানেও হানা দিয়েছিল। সেখানকার সিসিটিভি ফুটেজেও একই মোদি মুখোশ পরিহিত যুবককে দোকানের শাটারের তালা ভাঙার চেষ্টা করতে দেখা গেছে। তবে সেখানে তালা ভাঙতে না পারায় তারা চুরিতে সফল হতে পারেনি।
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূরণমল মীনা বলেন, দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আমরা একটি নির্দিষ্ট মামলা দায়ের করেছি। সিসিটিভি ফুটেজে মুখোশধারী যুবকের চুরির স্পষ্ট প্রমাণ মিলেছে। এই ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ওপর ভিত্তি করে জোর কদমে তদন্ত শুরু হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।
এই অভিনব চুরির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/কেএ