ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২-র ম্যাচে আজ ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার জারেল কুয়ানসা এবং রিস জেমস।
গত সপ্তাহে পানামার বিপক্ষে গ্রুপ ‘এল’-এর শেষ ম্যাচে কুয়ানসার গোড়ালি মচকে যায়, জেমস হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। মঙ্গলবার আটলান্টায় উড়াল দেওয়ার আগে ক্যানসাস সিটিতে দলের শেষ অনুশীলনেও এই দুই খেলোয়াড় উপস্থিত ছিলেন না।
এই দুই খেলোয়াড়কে নিয়ে টুখেল বলেন, ‘ওরা সুস্থ হয়ে ওঠার খুব কাছাকাছি আছে। চোটের ধরন অনুযায়ী রিসের চেয়ে জারেল কিছুটা এগিয়ে। এই ম্যাচের স্কোয়াডে ঢোকার লড়াইটাও খুব জমজমাট ছিল। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন সামনে আমরা আরও ম্যাচ খেলার সুযোগ পাই (পরের রাউন্ডে যেতে পারি)। এখন সেটাই আমাদের মূল লক্ষ্য, আর ওরা খুব দ্রুতই দলে ফিরবে।’
একই পজিশনের দুই খেলোয়াড়কে হারানোর ধাক্কা ইংল্যান্ড সামলে নিতে পারবে বলে জোর দিয়ে টুখেল বলেন, ‘প্রথম কথা হলো, আমার খেলোয়াড়দের ওপর ভরসা রাখি। কয়েক সপ্তাহ ধরে তাদের দেখছি, তাদের আমিই নির্বাচন করেছি। ফুটবলে এমনটা হতেই পারে, চোট থাকবেই। সমস্যা নিয়ে পড়ে থেকে মন খারাপ করার কোনো মানে হয় না। আমরা সমাধান খুঁজব, এটাই তো দলীয় খেলা। আমরা অবশ্যই রিস এবং জারেলকে দলে চেয়েছিলাম, কিন্তু তারা বর্তমানে চোটে। তাই অন্য খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। যা-ই ঘটুক না কেন, বুধবার একটা দল হিসেবে আমরা এই বাধা পার হব।’
রাইট-ব্যাকের এই সংকটে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল আবারও জেড স্পেন্সকে এই পজিশনে খেলাতে পারেন, অথবা ডিফেন্ডার এজরি কনসাকে সেন্ট্রাল ডিফেন্স থেকে সরিয়ে রাইট-ব্যাকে নিয়ে আসতে পারেন।
হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে পানামার বিপক্ষে বিশ্রামে থাকা ডেক্লান রাইস এই ম্যাচে মূল একাদশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া গোড়ালির সমস্যা থাকা সত্ত্বেও বুকায়ো সাকা শুরু থেকে খেলার জন্য পুরোপুরি ফিট বলে নিশ্চিত করেছেন টুখেল।
নিজের ফিটনেস নিয়ে রাইস বলেন, ‘আমি সত্যিই ভালো আছি। আমার হ্যামস্ট্রিং নিয়ে কিছুটা উদ্বেগ ছিল জানি, তবে এটা এখন আর কোনো সমস্যা নয়। কারণ আমি অনুশীলন করছি, খেলছি। আমি সম্পূর্ণ ঠিক আছি।’
বিডি-প্রতিদিন/এআইডি