তুরস্কের বিশ্বনন্দিত লেখক এলিফ শাফাকের সর্বশেষ বই ‘দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই’ বইয়ের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। বইটির অনুবাদ করেছেন শেহজাদ আমান ও কামরুননাহার এ্যামি, প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশন থেকে।
তুরস্কের লেখক এলিফ শাফাক দুনিয়াব্যাপী জনপ্রিয় একজন লেখকই শুধু নন, তিনি বাংলাদেশের মানুষের কাছেও দারুণভাবে সমাদৃত এক নাম। তার রচিত ‘দ্য ফর্টি রুলস অব লাভ,’ ‘দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল,’ বা ‘থ্রি ডটার্স অভ ইভ’ বইগুলো বিশ্বব্যাপী যেমন পাঠকের মন জিতে নিয়েছে, ঠিক তেমনি এর বাংলা অনুবাদও বাংলাভাষী পাঠকের পছন্দের বইয়ে পরিণত হয়েছে।
পাঠকের চাহিদার কথা ভেবেই লেখকের সর্বশেষ প্রকাশিত বই ‘দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই’-এর বাংলা অনুবাদ বাজারে নিয়ে এলো ছায়া প্রকাশন। বইটি অনুবাদক শেহজাদ আমানের ২৭তম এবং কামরুননাহার এ্যামির ২য় অনুবাদ বই।
কী নিয়ে রচিত হয়েছে এই উপন্যাস বা কী গল্প বলা হয়েছে এই উপন্যাসে? এর উত্তর অল্প কথায় দেওয়া মুশকিল!
গল্পটা প্রাচীন মেসোপোটেমিয়ার প্রতাপশালী রাজা আশুরবানিপালের কিংবা সেই মহাকাব্যিক চরিত্র গিলগামেশের। গল্পটা হয়তো সেই ১৮ শতকের লন্ডনে জন্ম নেওয়া বিরল প্রতিভাবান আর্থারের। কিংবা গল্পটা তুরস্কের ইয়াজিদি কিশোরী নারিনের বা লন্ডনের বাসিন্দা কুর্দি বংশোদ্ভূত পানিবিজ্ঞানী জালিখাহর। অথবা গল্পটা হয়তো টাইগ্রিস কিংবা টেমস নদীর…নাকি গল্পটা সেই ছোট্ট পানির ফোঁটার যে বারবার প্রকৃতির অমোঘ নিয়মে ঝাঁপ দিয়েছে পৃথিবীর বুকে, আবার বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়ে মেঘ হয়ে ফের ঝরেছে বৃষ্টির ছন্দে, কখনো জমে গিয়ে হয়েছে তুষারকণা…গল্পটা কার, নাকি সবারই-বইটির পাঠকেরাই তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন।
৪০০ পৃষ্ঠার বইটি সংগ্রহ করা যাচ্ছে রকমারি ডটকমসহ দেশের অন্যান্য অনলাইন বুকশপ থেকে।
বিডি প্রতিদিন/এমআই