এসএসসি পরীক্ষার দুটি সিলেবাসের প্রশ্নপত্র সাবধানে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
প্রশ্নপত্র বিতরণে ত্রুটি হলে কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শেকে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্র সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষা ২০২৬ এর দুটি পৃথক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
এর মধ্যে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন ও তার পূর্বের) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আর নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশনের) শিক্ষার্থীরা ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।
ঢাকা বোর্ডের আদেশে বলা হয়েছে, দুই ধরনের পরীক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে, প্রশ্ন বিতরণের আগে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ও কোড যথাযথভাবে যাচাই করতে হবে।
ঢাকা বোর্ডের আদেশে আরও বলা হয়, কক্ষ পরিদর্শকদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য কেন্দ্রসচিবদেরকে বলা হয়েছে।
বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ভুল বা অসাবধানতা পরিলক্ষিত হলে, সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শক সরাসরি দায়ী থাকবেন। দায়ীদের পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/জেডআর