যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশিদের জনমত গঠনে ভূমিকা এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের চলমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি মুক্তিযুদ্ধের সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রবাসীদের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে (ডাকযোগে ভোট) অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে ’৭১-এর শহিদ, শহিদ বুদ্ধিজীবী ও শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল