এশিয়া কাপের সুপার ফোরে শুধু ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে, এর সঙ্গে থাকছে ফাইনালে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচগুলোতে এমন সুবিধা নেই। এক্ষেত্রে দুই দলের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্টে টেবিলে সেটি পিছিয়ে দিতে পারে দলগুলোকে। এমন নিয়ম আদর্শ নয় বলে মনে করেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ কিছু নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’
‘যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আসলে খুব বেশি কিছু বলার থাকে না। যদি আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হতো, তাহলে আমরা কিছু একটা বলাটা পছন্দ করতাম। যেহেতু ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে, আমি খুব বেশি চিন্তা করছি না। আমরা শুধু সেটাই করবো, যা করতে বলা হবে। আমি এরকম কিছু অন্য টুর্নামেন্টে দেখিনি। টুর্নামেন্টের মাঝখানে এমন নিয়ম বদলে ফেলা কোথাও হয় না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ