এশিয়া কাপ ক্রিকেটে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল। তবে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জিততে বদ্ধপরিকর বাংলাদেশ। আর এই ম্যাচেও গুরুত্বপূর্ণ রাখবে পালন করবে টাইগার পেস ইউনিট।
খুব বেশিদিন আগের কথা নয়, যখন বাংলাদেশ কেবলমাত্র একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নেমেছে। টাইগার স্কোয়াডে তিন পেসার দেখতে পাওয়া ছিল কেবল স্বপ্নের মতোই। তবে সেই দিন এখন অনেকটাই বদলেছে। টাইগারদের বোলিং বিভাগে শক্তির জায়গা এখন সেই পেস ইউনিটই।
২০১৯ বিশ্বকাপের পর থেকে সারাবিশ্বে আলাদা করে নজর কেড়েছে বাংলাদেশের পেস বোলিং বিভাগ। কেবলমাত্র পাকিস্তানই বাংলার পেসারদের তুলনায় বেশি দাপট দেখিয়েছে বিগত চার বছরে। এমন প্রতিপক্ষকে সমীহ করতে চাইবেন প্রতিপক্ষ-এটাই স্বাভাবিক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কান কোচ সিলভারউডের মুখে শোনা গেল তেমনই প্রশংসা।
বাংলাদেশের বোলারদের মনে ধরা প্রসঙ্গে শ্রীলঙ্কান কোচ যোগ করেন, 'আমি তাদের বোলিং ইউনিট নিয়ে মুগ্ধ, বিশেষ করে পেসাররা। তারা শক্তিশালী, নিখুঁত এবং উইকেট থেকে মুভমেন্ট আদায় করে নেয়।'
কোচ সিলভারউড বলছিলেন, 'বাংলাদেশের ব্যাটিং দৃষ্টিকোণ থেকে যদি বলি তবে তাদেরকে চাপে রাখতে হবে। এটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা জানি তারা রান পায়নি কিন্তু এও জানি তারা সামর্থ্যবান। তাদেরকে এতোটুকু সম্মান দিতেই হবে। চাপে রাখতে হবে এবং উইকেট তুলে নিতে হবে। আমরা প্রতিটি বোলার এবং ব্যাটসম্যানকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করি।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ