গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের সামনে জমির দলিল করতে দলিল লেখক সমিতির অতিরিক্ত টাকা ও ঘুষ নেওয়ার অভিযোগে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে দলিল লেখক সমিতি ৭ দিনের কলমবিরতি ঘোষণা করেছে।
রবিবার (১০ মে) দুপুরে এ ঘোষণা দেন তারা।
সমিতির সাধারণ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি পূরণ করতে না পারায় তারা আজ রবিবার এ ঘটনা ঘটিয়েছে।
তিনি দাবি করেন, অফিসের মূল ফটক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করলে তাকে হাত ধরে টানাটানি করে লাঞ্ছিত করা হয়।
এদিকে বিক্ষোভকারীরা গাইবান্ধা প্রেসক্লাবে এসে তাদের অভিযোগের কথা তুলে ধরেন। তাদের পক্ষে আব্দুস সালাম বলেন, জমি দলিলের জন্য ক্রেতাদের কাছ থেকে সমিতির নামে চাঁদাবাজি করছেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক। তিনি জমির ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার করে টাকা নিচ্ছেন।
আব্দুস সালাম আরও বলেন, এই অন্যায়ের প্রতিবাদে আজ মানববন্ধন আয়োজন করা হয়। কিন্তু তার আগেই কিছু উত্তেজিত ভুক্তভোগী সাব রেজিস্ট্রি অফিসের সামনে জড়ো হয়ে দলিল লেখক সমিতি ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিডি-প্রতিদিন/এমই