রাজবাড়ীর পাংশায় ক্লাসে পড়া না পারার কারণে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তাছিন মুন্সীকে (১৩) বেত্রাঘাত করে আহত করা হয়েছে। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগদুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মৌরাট ইউনিয়নের মালঞ্চি এলাকার মো. সবুজ মুন্সীর ছেলে।
স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকালে সমাজ বিজ্ঞানের শিক্ষক খরখরিয়া গ্রামের বাসিন্দা মো. আহাদ হোসেন শিক্ষার্থীরা ক্লাসে পড়া না পারলে বেত্রাঘাত করতে শুরু করেন। এক পর্যায় তাছিনকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয়ে এসে শিক্ষককে অবরুদ্ধ করেন।
অভিযুক্ত শিক্ষক মো. আহাদ হোসেন বলেন, ক্লাসে পড়া না পারার কারণে অনেককে শাসন করেছি। সেই ধারাবাহিকতায় তাছিনকে শাসন করতে গেলে সে আমার সাথে তর্কে জড়িয়ে পড়ে। আমি মেজাজ হারিয়ে তাকে কয়েকটি আঘাত করেছি।
বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শিক্ষার্থী মো. তাছিনকে মারা ঠিক হয়নি। অভিযুক্ত শিক্ষককে আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। এই সময়কালে অভিযুক্তি শিক্ষক পাঠদানের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ