সাব-রেজিস্ট্রি অফিসে একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে জমি ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ডিবি রোডে “সচেতন নাগরিকবৃন্দ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইকবাল করিম, মঞ্জুর রহমান লিটন, আব্দুস সালাম, আলতাফ হোসেন মামুন, আব্দুর রউফ, মামুনুর রশিদ তুষার ও শাহজালাল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জমি দলিলের জন্য ক্রেতাদের কাছ থেকে সমিতির নামে অতিরিক্ত টাকা আদায় করছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক। তাদের দাবি অনুযায়ী, প্রতি দলিলে ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার টাকা করে আদায় করা হয়। বক্তারা বলেন, মোস্তা মল্লিক দীর্ঘ ১৭ বছর ধরে সমিতির নাম ব্যবহার করে মনগড়াভাবে টাকা আদায় করে বিপুল অর্থের মালিক হয়েছেন। গাইবান্ধাবাসী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের এই সীমাহীন দুর্নীতি থেকে মুক্তি চান।
বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিসকে চাঁদাবাজ ও দালালমুক্ত করতে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শেষে বিক্ষুব্ধরা ডিবি রোডে বসে সড়ক অবরোধ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/এমএল