লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার দুপুরে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩–সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এ সময় ভারতীয় কয়েকজন নাগরিকও লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন বলে জানান স্থানীয়রা। এতে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা নিজ নিজ ভূখণ্ডে ফিরে যান।
জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়েছিল। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম বলেন, ‘সামান্য ভুল–বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিডি-প্রতিদিন/এআইএস