গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে পার্কিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে লালমনিরহাট জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা মুনজুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় বেশ কয়েকটি দোকানের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেইসঙ্গে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের মধ্যে বদিউজ্জামাল বলেন, প্রায় ১০ বছর ধরে লাইসেন্স নিয়ে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে ব্যবসা পরিচালনা করে আসছি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আগাম নোটিশ ছাড়াই আমার দোকানটি ভেঙে দেওয়া হয়েছে।
এ সময় লালমনিরহাট জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা মুনজুর হোসেন বলেন, রেলওয়ে পার্কিং এলাকায় সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি