গোপালগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে “অটিজম এবং মানবতা- প্রতিটি জীবনের মূল্য আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. মো. আনিসুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ