ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও চারজন শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস