টাঙ্গাইল পৌর এলাকার গৃহবধূ নাজমা আলমকে (৫১) হত্যার ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ীর নাম সন্তোষ কর্মকার (৪৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের পর নিয়ে যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং ঘটনার আলামত উদ্ধার করা হয়েছে।
রেজওয়ান সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের পর গলার স্বর্ণের চেইন ও হাতের বালা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মোশারফ প্রথমে হাতুড়ি দিয়ে নাজমা বেগমের মাথায় আঘাত করে। পরে নাজমার হাতে ও গলায় থাকা স্বর্ণ নেওয়ার চেষ্টা করলে নাজমা বাঁধা দেয়। এ সময় মোশারফ হোসেন নাজমাকে হত্যা করে এবং প্রমাণ নষ্ট করতে সিসি ক্যামেরা ভেঙে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। পরে স্বর্ণ, হাতুড়ি ও সিসি ক্যামেরার ডিভিডি সঙ্গে করে নিয়ে যায়। মোশারফ নিহতের স্বামী শফিউল আলমের সঙ্গে ও একা একা ওই বাসায় যাতায়াত করত।
মঙ্গলবার দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মাহবুব রেজওয়ান।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে পৌর শহরের শিবনাথ পাড়া এলাকার ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী নাজমা আলমের হাত বাঁধা ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/এমই