ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৮৯১ জন কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এর মধ্যে ২৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ একশ কোটি টাকারও বেশি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করে সংস্থাটি।
টিআইবি জানায়, এবারের নির্বাচনে প্রার্থীদের বড় একটি অংশই সম্পদশালী, যা রাজনীতিতে অর্থের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং মোট প্রার্থীর ৩৬ শতাংশের বেশি এসব দল থেকে এসেছেন। তবে নারী প্রার্থীর অংশগ্রহণ এবারও হতাশাজনক পর্যায়ে রয়েছে এবং পাঁচ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
ঋণ ও ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে উদ্বেগ জানিয়ে টিআইবি জানায়, প্রার্থীদের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। এর মধ্যে বিএনপির ৫৯ শতাংশ এবং জামায়াতের ২২ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত। ইফতেখারুজ্জামান বলেন, আইনের মারপ্যাঁচে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে হলফনামায় তথ্য গোপন করা হলেও তা যথাযথভাবে যাচাই করা হয়নি।
সংস্থাটি আরও জানায়, ২১ জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও অন্তত দুজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকার তথ্য তাদের কাছে রয়েছে। টিআইবির মতে, দেশের রাজনীতি ক্রমেই ক্ষমতা, অর্থ, পেশিশক্তি ও ধর্মের প্রভাবে জিম্মি হয়ে পড়ছে, যা নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে।
বিডি প্রতিদিন/আশিক