আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার প্রথম দিনেই গাইবান্ধায় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দল প্রচার-প্রচারণা শুরু করেছে। প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা নিজ নিজ দলীয় কার্যালয়ে এসে সমবেত হন।
সকালে গাইবান্ধা সদর উপজেলার বিএনপির ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে সমবেত হন। পরে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিপুল আনন্দ উৎসাহের মধ্য দিয়ে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে একত্রিত হন। পরে জামায়াতে ইসলামীর মনোনীত গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আব্দুল করিম গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রথমে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে দাস বেকারির মোড়, ডিবি রোড, স্টেশন রোড ও সার্কুলার রোডসহ শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি