ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নোয়াখালীতে পোষ্টাল ব্যালট বক্স সিলগালা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। এ সময় পোষ্টাল ব্যালটের ভোট সংরক্ষণ পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে এবার মোট ৬০ হাজার ৯২৬ জন ভোটার পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা বলেন, আজ আনুষ্ঠানিকভাবে পোষ্টাল ব্যালট বক্স সিলগালা করার মধ্য দিয়ে ডাক বিভাগের মাধ্যমে আসা পোষ্টাল ব্যালট এসব বক্সে সংরক্ষণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর এসব ব্যালট গণনা করা হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা যায়, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৮৭৫টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৬০৯টি বুথে মোট ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি-প্রতিদিন/সুজন