নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।
চিঠিটি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি অবগতির জন্য বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং নজরুল ইসলাম আজাদকেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
তবে কেন্দ্রীয় চিঠিতে কমিটি স্থগিত করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর কারণেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আপাতত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করবে। বিষয়টি প্রথমে কেন্দ্র থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয়, পরে লিখিত আদেশ পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/আশফাক