বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কৃষি উন্নয়নের মাধ্যমে সবুজায়নের বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের এক ইঞ্চি আবাদি জমি নষ্ট করে শিল্প-ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে না। কৃষিকাজ সফলভাবে করতে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বীজ পেয়ে ফসল উৎপাদন বাড়াতে পারবে।
বৃহস্পতিবার দিনভর সদর উপজেলার সয়দাবাদে নির্বাচনী প্রচারণা সভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, জান্নাতের মালিক আল্লাহ। অথচ একটি দল ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। বিশেষ করে গ্রামের সহজ-সরল মা-বোনদের তালিমের নামে কোরআন শপথ করে ভোট চাচ্ছে। মূলত তারা মোনাফেক ও ধোকাবাজ এবং ধর্ম ব্যবসায়ী। আপনারা কেউ এসব ধোকাবাজদের কথা শুনবেন না।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে এককালীন টাকা পাবে এবং সেই টাকা দিয়ে হাঁস-মুরগী পালনসহ ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসা করে পরিবারকে সহায়তা করতে পারবে। শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। চিকিৎসার জন্য হেলথ কার্ড দেওয়া হবে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হিসেবে একটি নিরাপদ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
নির্বাচনী জনসভাগুলোতে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ নারী-পুুরুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই