মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকা ৪ (শ্যামপুর-কদমতলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী তানভীর আহমেদ রবিন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামপুর লাল মসজিদে দোয়া ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়।
নির্বাচন প্রচারণার প্রাক্কালে তানভীর আহমেদ রবিন বলেন, আজকে মসজিদে মসজিদে প্রচারণার এই শুভ সূচনায় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। সবার আগে আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আল্লাহর ঘর থেকে এই প্রচারণা শুরু করার তৌফিক তিনি আমাদের দিয়েছেন।
তিনি বলেন, এই এলাকার অবহেলিত, গরিব-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিন-রাত খিদমত করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন—এই দোয়া করবেন। আমি আপনাদের আমানত। আমি কোনো ভেদাভেদ করব না। সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের পাশে থাকব এবং তাদের অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের শ্যামপুর-কদমতলী থানার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, স্থানীয় মুরুব্বী, আলেম-উলামা, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
বিডি প্রতিদিন/জুনাইদ