জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে। কারণ আমাদের সঙ্গে রয়েছে সব ইসলামিক রাজনৈতিক দল, ১৯৭১ সালের বীরবিক্রমের গঠিত দল, এ ছাড়া জুলাই-আগস্টের অন্যতম নায়কদের গঠিত দল এনসিপি। এসব দল মিলিয়ে আমরা গঠন করেছি ১০ দলীয় জোট। আর সেই ১০ দলীয় জোট সরকার গঠন করবে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নির্বাচনী দলীয় কার্যালয়ে উদ্বোধন ও নির্বাচনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘একদিকে একটি রাজনৈতিক দল, আরেক দিকে ১০ দলীয় জোট একত্রিত হয়েছে। জনগণ এবার আমাদের ১০ দলীয় জোটকে ভোট দেবে। সাধারণ মানুষ আমাদের বলে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসনও দেখেছি—এবার জামায়াতের নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় দেখতে চাই।’
জামায়াতের এই কেন্দ্রীয় নায়েব আরো বলেন, ‘১২ ফেব্রুয়ারি এ দেশের জনগণ চাঁদাবাজ, বিদেশে অর্থপাচারকারীদের প্রত্যাখ্যান করবে। ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর কারা চাঁদাবাজ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত এ দেশের জনগণ জানে। তাই এ দেশের জনগণ আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না।’
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জামায়াতের সাবেক আমির আবদুস ছাত্তার, কুমিল্লা জেলা জামায়াতের বর্তমান আমির অ্যাড. শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও আবুল খায়েরসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন