ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ১৭ বছর পর মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে। তিনি ভোটারদের আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, ভোট দিতে হবে মানুষের সততা ও যোগ্যতার ভিত্তিতে। যাদের দেশ পরিচালনার যোগ্যতা আছে, তাদেরই ভোট দেওয়া উচিত।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনও নদীভাঙন, করোনা, ঝড়-দুর্যোগ বা দানসহ মানুষের উপকারে আসেনি। তাদের কোনো নেতাকে এসব সময়ে দেখা যায়নি। নির্বাচন এলেই তারা ভোট চাইতে আসে। তিনি আরও বলেন, আগামীতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, নদীভাঙন রোধ এবং রাস্তা-ঘাট উন্নয়নের কাজ করা হবে।
ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল